চলমান বিশ্বকাপকে ঘিরে এবার তীব্র সমালোচনার মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট থেকে ইরানের বিদায়ের পর সরাসরি সংস্থাটির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন দলটির অধিনায়ক মেহেদি তারেমি। তার অভিযোগ- পুরো আসরজুড়ে ইরানকে ‘বৈরী আচরণ’ ও চরম অব্যবস্থাপনার মধ্যে ফেলা হয়েছে।
গ্রুপ পর্বে শেষ ম্যাচে ড্র করেও সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা না পাওয়ায় বিদায় নিতে হয়েছে ইরানকে। সেই হতাশার মধ্যেই ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ইরানের অধিনায়ক তারেমি।
তারেমির অভিযোগ অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হয়নি। লজিস্টিক ব্যবস্থাপনা, যাতায়াত এবং দলের দৈনন্দিন প্রস্তুতিতে ভয়াবহ বিশৃঙ্খলার মুখে পড়তে হয়েছে তাদের।
তিনি বলেন, পুরো বিশ্বকাপ আয়োজনকে ‘বিপর্যয়’ হিসেবে দেখছেন তারা। একই সঙ্গে দাবি করেন, ফিফা সমস্যাগুলোর সমাধানে কার্যকর কোনো ভূমিকা নেয়নি।
তারেমির ভাষায়, ‘আমাদের কোনো লজিস্টিক টিম এখানে নেই, কারণ তাদের ভিসা দেওয়া হয়নি। প্রতিবার মেক্সিকোর তিহুয়ানা থেকে এসে খেলতে হচ্ছে- এটা কোনো পেশাদার টুর্নামেন্টে সম্ভব নয়।’
আরও পড়ুন
তিনি আরও জানান, ম্যাচের পর বারবার যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে যাতায়াত করতে গিয়ে দলকে শারীরিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে।
তারেমি আরও অভিযোগ করেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টুর্নামেন্ট শুরুর আগে ইরানকে সহায়তার আশ্বাস দিলেও বাস্তবে তা রক্ষা হয়নি। তার দাবি, ‘আমাদের বারবার বলা হয়েছে সমস্যা সমাধান হবে, কিন্তু কিছুই হয়নি।’
ইরানের অধিনায়ক প্রশ্ন তোলেন, ‘এটা কি ন্যায্য প্রতিযোগিতা? আমাদের কোনো সহায়তা নেই, অথচ আমরা একই মাঠে লড়ছি অন্যদের সঙ্গে।’
মাঠের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন তারেমি। মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি মিস করেন তিনি। সেই ম্যাচ ড্র হলেও শেষ পর্যন্ত অন্য গ্রুপের ফলাফল অনুকূলে না আসায় ইরানের শেষ ষোলোতে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায়।
আলজেরিয়া ও অস্ট্রিয়ার ৩-৩ গোলে ড্র ইরানের জন্য শেষ দরজাটিও বন্ধ করে দেয়, ফলে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
এএডি/