সিলেট জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রেজা হাসান। বর্তমানে তিনি কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার (২৮ জুন) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিসিএস ২৯তম ব্যাচের কর্মকর্তা মো. রেজা হাসান নতুন আদেশ অনুযায়ী সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে, রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে সিলেট ডিসির পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। তার বিদায়ের পর জেলা প্রশাসকের পদ শূন্য থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সময়ের আলো/মহু