ভারতের উত্তরপ্রদেশে নিজ বাড়িতে গরুর মাংস রান্না ও মজুত করার অভিযোগে একই পরিবারের তিন নারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (২৪ জুন ২০২৬) রাজ্যের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশের দাবি, নির্দিষ্ট এক ব্যক্তির কাছ থেকে তথ্য পেয়ে তারা ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বাড়ির চারজন পুরুষ সদস্য কৌশলে পালিয়ে যান। এ সময় উপস্থিত তিন নারীও সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে এবং পরে গ্রেফতার দেখায়। তল্লাশিকালে ওই বাড়ির রান্নাঘর থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে রাখা কাঁচা মাংস উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সেখান থেকে আনুমানিক এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা মাংস জব্দ করা হয়েছে।
স্থানীয় পুলিশ সুপার (এসপি) অভিষেক সিং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা তিন নারীকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে তাদের পরিবারেরই এক সদস্য এগুলো নিয়ে এসেছিলেন। তবে মাংসের ধরণ শতভাগ নিশ্চিত হতে আমরা তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত নারীদের বিরুদ্ধে কঠোর 'উত্তরপ্রদেশ গরু জবাই নিষিদ্ধ আইন'-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। একই সাথে পলাতক থাকা ওই তিন নারীর স্বামী এবং মুম্বাইয়ে কর্মরত তাদের এক আত্মীয়কে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
এদিকে পুলিশের অপর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এই মাংস ঠিক কোথা থেকে এবং কার মাধ্যমে আনা হয়েছিল, তা খুঁজে বের করতে একটি আলাদা তদন্ত দল কাজ করছে। এর পাশাপাশি ওই পরিবারটি অতীতেও কখনো আইন অমান্য করে গরুর মাংস সংগ্রহ করেছিল কি না, সেই বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
সময়ের আলো/জেডি