বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান। দলের অন্যতম নির্ভরযোগ্য আক্রমণভাগের খেলোয়াড় ডাকেফুসা কুবো চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না। ফলে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে জাপানের পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হচ্ছে কোচ হাজিমে মোরিয়াসুকে।
গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের ড্র ম্যাচে বাম হাঁটুতে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও মাঠে নামতে পারেননি তিনি। দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে ফিরতে না পারায় শেষ পর্যন্ত নকআউট পর্বের ম্যাচ থেকেও তাকে বাইরে রাখতে হয়েছে।
এর আগে, রোববার দলের অনুশীলনেও কুবোকে সতীর্থদের সঙ্গে দেখা যায়নি। তিনি আলাদাভাবে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে গেছেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু জানান, কুবো এখনও পূর্ণ ফিট নন এবং শুধুমাত্র ব্যক্তিগত অনুশীলন করছেন। তাই ব্রাজিলের বিপক্ষে তাকে খেলানোর কোনো সুযোগ নেই। একই সঙ্গে দ্রুত তার সুস্থতা কামনাও করেন তিনি।
আরও পড়ুন
যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের সেরা তারকাকে না পেলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না জাপান। কোচ মোরিয়াসুর বিশ্বাস, অতীতের একটি স্মৃতি তার দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে। গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। সেই জয়কে সামনে রেখেই এবারও চমক দেখানোর আশা করছেন তিনি।
মোরিয়াসু বলেন, বিশ্ব ফুটবলে ব্রাজিল নিঃসন্দেহে অন্যতম শক্তিশালী দল এবং শিরোপার দাবিদার। তবে আন্ডারডগ হিসেবে মাঠে নামলেও তার দলের নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রয়েছে। আগেরবারও খুব কম মানুষ জাপানের জয়ের সম্ভাবনা দেখেছিল, কিন্তু মাঠের লড়াইয়ে তারাই জয় পেয়েছিল। এবারও খেলোয়াড়রা একই বিশ্বাস নিয়েই মাঠে নামবে।
এদিকে, ম্যাচ টাইব্রেকারে গড়ালে আগের ভুলের পুনরাবৃত্তি করতে চান না জাপানের কোচ। ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে বিদায়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই পেনাল্টি শুটারদের ক্রম নির্ধারণ করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোচের ভাষায়, এবার আর সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপর ছেড়ে দেওয়া হবে না; নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই পেনাল্টি নেবেন সবাই।
এএডি/