ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন প্রধান কোচ টমাস ডুলির অধীনে এই টুর্নামেন্ট দিয়েই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের নতুন ফুটবল অধ্যায়।
আগামী ২৭ আগস্ট থেকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। তবে এর আগেই ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক দলে আপাতত বিদেশি লিগে খেলা কোনো ফুটবলারকে রাখা হয়নি। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে খেলতে থাকা ফুটবলাররা পরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। বর্তমানে বিদেশি লিগে খেলছেন হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, কিউবা মিচেল, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম। তাদের যোগ দেওয়ার পর বাংলাদেশের স্কোয়াড আরও শক্তিশালী হবে বলেই আশা করা হচ্ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে এবারই প্রথম আয়োজন করা হচ্ছে ফিফা আসিয়ান কাপ। ফিফা আরব কাপের আদলে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত বছর। চলতি বছরের ফিফা কংগ্রেসে সেটি চূড়ান্ত অনুমোদন পায়। আসিয়ানভুক্ত ১১টি দেশের পাশাপাশি চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
তবে এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে চীন ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। এর আগে চীনের জায়গায় পাকিস্তানকে নেওয়া হয়েছিল। ভারতের নাম প্রত্যাহারের পর বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা। পরে বাফুফের নির্বাহী সভায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি অনুমোদন পায়।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।
২৮ জনের প্রাথমিক দল
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, আনিসুর রহমান।
ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, কাজেম শাহ।
ফরোয়ার্ড : রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।
সময়ের আলো/প্রিন্ট/জেডি