দক্ষিণ আফ্রিকাতেও লড়াই করবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ক্রিকেট। ডারউইনের সেই সাফল্যকে এখন আর বিচ্ছিন্ন কোনো

2026-08-26T03:03:45+00:00
2026-08-26T03:03:45+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খেলা
দক্ষিণ আফ্রিকাতেও লড়াই করবে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:০৩ এএম 
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ক্রিকেট। ডারউইনের সেই সাফল্যকে এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছেন না ক্রিকেটবিশ্বের অনেকেই। বরং সাম্প্রতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক উন্নতি দেখে সামনে আরও বড় সাফল্যের সম্ভাবনা দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার বিশ্বাস, আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতেও ভালো লড়াই করতে পারবে বাংলাদেশ।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে দুটি টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর সেই সিরিজকে ঘিরে বাংলাদেশের প্রত্যাশাও বেড়েছে।

সাম্প্রতিক পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে কথা বলছে। সবশেষ ১২ টেস্টের ৭টিতেই জয় পেয়েছে তারা। এই ধারাবাহিকতার সুবাদে নিজেদের ইতিহাসে প্রথমবার আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠেছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ৫৫.৫৬ শতাংশ পয়েন্টের হারসহ চতুর্থ স্থানে আছে তারা।

বাংলাদেশের এই উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন পেসাররা। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানাদের নেতৃত্বে বাংলাদেশের পেস আক্রমণ সাম্প্রতিক প্রতিপক্ষ ব্যাটারদের নিয়মিত চাপে ফেলেছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনও সাধারণত পেসারদের বাড়তি সহায়তা করে। ফলে বাংলাদেশের পেসারদের সামনে নিজেদের সামর্থ্য আরও বড় মঞ্চে দেখানোর সুযোগ থাকছে।

তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটিং করাটা যে সহজ হবে না, সেটিও মনে করিয়ে দিয়েছেন ডি ভিলিয়ার্স। নিজের দেশের কন্ডিশনে দীর্ঘদিন ব্যাটিং করা এই সাবেক প্রোটিয়া ব্যাটার জানেন, সিম ও সুইং সামলে দক্ষিণ আফ্রিকায় রান করা কতটা কঠিন।

এক পডকাস্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই করবে। বিশেষ করে ব্যাটারদের জন্য দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম কঠিন জায়গা। এখানে বল পিচে পড়ার পর শুধু সুইং-ই করে না, একইসঙ্গে সিম মুভমেন্ট থাকে। খুব বেশি ব্যাটার এমন কন্ডিশনে অভ্যস্ত নয়। তাই সামলানো সত্যিই কঠিন।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কীভাবে ব্যাট করতে হয়, সেটি নিজের অভিজ্ঞতা থেকেই জানেন ডি ভিলিয়ার্স। প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের মাটিতে করেছেন ৯ হাজার ৪০০ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪৭ সেঞ্চুরির মধ্যে ২২টিই এসেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে।

সেই অভিজ্ঞতা থেকেই এমন কন্ডিশনে বাংলাদেশের ব্যাটারদের জন্য দিয়েছেন কিছু পরামর্শও। ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এমন পরিস্থিতি সামলাতে আমার কয়েকটি কৌশল ছিল। কখনো ক্রিজ ছেড়ে একটু এগিয়ে আসতাম, কখনো পুরোপুরি স্টাম্প ঢেকে খেলতাম, আবার কখনো স্টাম্প উন্মুক্ত রাখতাম। পরিস্থিতি কী চাইছে, সেটার ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নিতাম।’


শুধু রক্ষণাত্মক মানসিকতায় দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ সামলানো সম্ভব নয় বলেও মনে করেন তিনি। বরং ব্যাটারদের পরিস্থিতি বুঝে সক্রিয় থাকতে হবে।

‘এই ধরনের সিমিং কন্ডিশনে এভাবেই খেলতে হয়। শুধু স্টাম্প ঢেকে রেখে সারা দিন টিকে থাকার চেষ্টা করলে হবে না। আপনাকে ইতিবাচক ও সক্রিয় থাকতে হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যের পর দক্ষিণ আফ্রিকা সফর তাই নতুন মাত্রা পেয়েছে। জোহানেসবার্গে আগামী ১৫ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে সেঞ্চুরিয়নে, ২৩ নভেম্বর থেকে।

অস্ট্রেলিয়ার মাটিতে যে বাংলাদেশ নিজেদের সামর্থ্যরে নতুন পরিচয় দিয়েছে, দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে সেই আত্মবিশ্বাস কতটা কাজে লাগে, এখন সেটিই দেখার। তবে ডি ভিলিয়ার্সের মতো দক্ষিণ আফ্রিকার কিংবদন্তির মুখে বাংলাদেশের ভালো লড়াইয়ের সম্ভাবনার কথা, নিঃসন্দেহে টাইগারদের জন্য বড় স্বীকৃতি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  লড়াই  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: