২০২৬ ফুটবল বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্বে পরিবর্তনের পথে হাঁটছে সৌদি আরব ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টে জাতীয় দলের ব্যর্থতার দায় স্বীকার করে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইয়াসের আল-মিসেহাল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আল-মিসেহাল জানান, বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে না পারা সৌদি ফুটবলের লক্ষ্য ও সমর্থকদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এই ব্যর্থতার পূর্ণ দায়িত্ব তিনি নিজের কাঁধে নিচ্ছেন এবং সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, জাতীয় ফুটবলকে নতুনভাবে এগিয়ে নিতে নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন। সেই বিশ্বাস থেকেই নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন
গত সাত বছর ধরে সৌদি ফুটবল ফেডারেশনের নেতৃত্বে ছিলেন আল-মিসেহাল। তার সময়েই ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব নিশ্চিত করে সৌদি আরব। পাশাপাশি দেশের ফুটবলকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বড় অঙ্কের বিনিয়োগ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমারের মতো আন্তর্জাতিক তারকাদের সৌদি প্রো লিগে আনার উদ্যোগও নেওয়া হয়।
তবে ক্লাব ফুটবলে অগ্রগতির বিপরীতে জাতীয় দলের বিশ্বকাপ পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। ‘এইচ’ গ্রুপে শেষ ম্যাচ পর্যন্ত নকআউটে ওঠার সম্ভাবনা থাকলেও কেপ ভার্দের বিপক্ষে জয়ের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সৌদি আরব। গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া ম্যাচের পর তিন খেলায় মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ অভিযান শেষ করে দলটি।
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে হার্ভে রেনার্ডের পরিবর্তে জর্জিওস ডনিসকে প্রধান কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও দলের প্রস্তুতি ও ধারাবাহিকতায় নেতিবাচক প্রভাব ফেলেছিল।
বিশ্বকাপ ব্যর্থতার পর সৌদি ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে এই পদত্যাগকে ভবিষ্যতের পুনর্গঠনের অংশ হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। এখন নতুন নেতৃত্বের অধীনে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক করে তোলাই হবে ফেডারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।