ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটই বাজার এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তীর্থ ভাটই গ্রামের তপন কুমারের ছেলে ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এদিকে ঘটনার পর অভিযুক্ত পিকআপটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ বিশ্বাস। পথে ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে পৌঁছে সামনে থাকা একটি পিকআপকে ওভারটেক করে এগোতে গিয়ে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী অন্য একটি পিকআপ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হয়েছে।
সময়ের আলো/জোই