কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি ও সাবেক পৌর কমিশনার বাছির উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) ভোরে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দর থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
গ্রেফতারকৃত বাছির উদ্দিন দেবিদ্বার পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রুবেল, ছাব্বির ও আবু বক্কর নামের তিনজনকে হত্যাচেষ্টার অভিযোগে বাছিরের বিরুদ্ধে মামলা রয়েছে। দেশে ফেরার খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাছির উদ্দিনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলাসহ মোট তিনটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। ঘটনার পর থেকেই তিনি আইনি প্রক্রিয়া এড়াতে বিদেশে পালিয়ে ছিলেন।
ওসি মো. মনিরুজ্জামান আরও জানান, বিমানবন্দর থানা থেকে বাছিরকে গ্রেফতারের বিষয়টি তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তাকে কুমিল্লায় নিয়ে আসার জন্য ইতোমধ্যে পুলিশের একটি টিম ঢাকায় পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সময়ের আলো/জেডি