প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:১৫ পিএম
বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস কুকুর-বিড়ালের খাবারের দায়িত্ব দোকানির দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানে ঢুকে কয়েক প্যাকেট বিস্কুট খাওয়ার কারণে ফাঁদ পেতে একটি মা বিড়ালকে হত্যার অভিযোগ উঠেছে এক বেকারি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় এক প্রাণিপ্রেমী যুবক প্রশাসনের কাছে বিচার দাবি করেন। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত দোকানিকে শাস্তি হিসেবে ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালের খাবারের দায়িত্ব দিয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে এ ঘটনার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে অভিযোগ নিয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু।
এর আগে শনিবার রাতে উপজেলার বলগাড়ি বাজারে ঘটনাটি ঘটে। বিড়ালটির নিথর দেহ দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায়। মাকে হারিয়ে অসহায় হয়ে পড়ে তার দুটি ছোট ছানা।
মেহেদী হাসান ইমুর অভিযোগ, গত শুক্রবার রাতে ওই বেকারি দোকানি সারোয়ার হোসেন নিজের দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন। রাতের কোনো একসময় খাবারের খোঁজে দোকানে প্রবেশ করলে ফাঁদে আটকা পড়ে বিড়ালটি। পরদিন শনিবার সকালে তার গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়। পরে মরদেহটি দোকানের সামনেই ফেলে রাখা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিড়ালটি এর আগে ওই দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলেছিল। এ কারণে ক্ষুব্ধ হয়ে দোকানি ফাঁদ পেতে রেখেছিলেন বলে অভিযোগ করেন ইমু।
মেহেদী হাসান ইমু বলেন, বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর তারা অসহায় হয়ে পড়েছে। খাবারের সন্ধানে দোকানে প্রবেশ করায় একটি প্রাণীকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ কারণেই তিনি প্রশাসনের কাছে ঘটনার বিচার চেয়েছেন।
অভিযোগের মুখে দোকানি সারোয়ার হোসেন নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে রাতে দোকান বন্ধ করার পর বিড়ালটি ভেতরে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে বিরক্ত হয়ে তিনি ফাঁদ তৈরি করেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়।
নিজের কাজকে অন্যায় উল্লেখ করে অনুশোচনা প্রকাশ করেন সারোয়ার। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পর অভিযোগকারী যুবক ও অভিযুক্ত দোকানিকে কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে দোকানি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চান।
তিনি আরও জানান, শাস্তি হিসেবে দোকানিকে আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ