প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম
প্রতীকী ছবিকক্সবাজারের উখিয়ায় নিখোঁজের দীর্ঘ চার মাস পর ১৭ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাজমিমা আক্তার (১৭) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নুরারডেইল এলাকার আব্দুর রহিমের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত জুলাই মাস থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
জানা গেছে, স্থানীয় লোকজন সোমবার দুপুরে বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন হাইওয়ে রেস্টুরেন্টের পেছনে বিলের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে বালুখালী পুলিশ ফাঁড়ির একটি দল স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) গোলাম কিবরিয়া জানান, স্থানীয়দের সহায়তায় তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সময়ের আলো/এমকে