প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ৫:৪০ পিএম
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। ছবি : সময়ের আলো সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে তালা উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ ও মতিউর হোসেন মোরসালিন। সোহেল যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার বাসিন্দা। মোরসালিনের বাড়ি তালার তেঁতুলিয়া গ্রামে। তিনি বর্তমানে খুলনার সোনাডাঙ্গায় থাকেন।
অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার তালার সুকদেবপুর গ্রামের বাসিন্দা। তেঁতুলিয়া বাজারে তার সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দোকানে কাজ করার সময় দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কাশেমকে হ্যান্ডকাফ পরান। পরে তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। একপর্যায়ে তাঁর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী তালা থানায় অভিযোগ করেন। পরে তালা ও ডুমুরিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকা থেকে দুজনকে আটক করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এমকে