প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম
মো. আইজুল ও মল্লিকপাড়া গ্রামের মো. দেলোয়ার। ছবি : সময়ের আলোসাতক্ষীরার শ্যামনগরে মানব পাচারে সহায়তা ও সীমান্তে চোরাচালানের অভিযোগে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধীন উত্তর কৈখালী ও কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার সাহেদখালী গ্রামের মো. আইজুল (৩৮) ও মল্লিকপাড়া গ্রামের মো. দেলোয়ার (৪২)।
বিজিবি জানায়, আটক দুজন দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবৈধভাবে পারাপারে সহায়তার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, আটক দুজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই