প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:৫১ পিএম
আরমান। ছবি : সংগৃহীতঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আরমান (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই তরুণ বন্ধু গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরমান শেখ নামে এক তরুণের মৃত্যু হয়।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ এলাকার সামনে আন্ডারপাসের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ফারুক শেখের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের আবু শেখ এর ছেলে আরাফাত শেখ (১৬) ও ছালাম শেখ এর ছেলে সুজন শেখ।
এ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সুজন শেখ এর সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তারা তিন বন্ধু ঘুরতে আড়িয়াল খাঁ নদী ও ব্রিজ এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে করে ভাঙ্গায় ফেরার পথে আড়িয়াল খাঁ এলাকার সামনের আন্ডারপাসের কাছে পৌঁছালে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
সুজন আরও জানান, পেছন থেকে মোটরসাইকেলটি আমাদের ধাক্কা দেওয়ার পর আমরা তিনজনই পড়ে গিয়ে গুরুতর আহত হই। ধাক্কা দেওয়া মোটরসাইকেলটি দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চলে যায়। পরে পরিবারের সদস্যরা মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে আমাদের উদ্ধার করে দ্রুত তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরমানের মৃত্যু হয়। আহত অন্য দুজনের চিকিৎসা চলছে।
মাত্র ১৭ বছর বয়সে আরমানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আরমানের অকাল মৃত্যুর খবরে নিজ গ্রাম পূর্ব সদরদীর বাড়িতে চলছে শোকের মাতম।
সময়ের আলো/জোই