প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই। ছবি : সময়ের আলোপিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যাবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দুটি পরিবারের সদস্যরা।
স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার জানান, রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে ভোর ৫টা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তার দাবি, দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারলে অন্তত পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো।
তিনি আরও জানান, আগুনে ১৮টি ব্যাবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানের পাশাপাশি বসতঘর হারিয়ে দুটি পরিবারের সদস্যরা নিঃস্ব হয়ে পড়েছেন। পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদার সুদর্শন বড়াল জানান, বাজারের স্থানীয় চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। তার দাবি, এ ঘটনায় ১৮টি ব্যাবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি পাঁচটি বসতঘর পুড়ে গেছে।
এ বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. মনিরুজ্জামান সময়ের আলোকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে গুয়ারেখা এলাকার সড়কের একটি সেতু ভাঙা থাকায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। ততক্ষণে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে ১৮টি ব্যাবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
সময়ের আলো/জোই