প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:৪৭ পিএম
অংশীজন সভা অনুষ্ঠিত। ছবি : সময়ের আলোখাগড়াছড়িতে হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও সেবাগ্রহীতাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি যৌথভাবে সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বাংলাদেশ হেলথ ওয়াচ।
খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি অংপ্রু মারমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক তাসলিমা সিরাজ সীমা, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা, সহকারী পরিচালক রাজীব পালিত, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার রাজেশ অধিকারী। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
আলোচনায় হাসপাতালের বিদ্যমান সমস্যা, চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও জনবল সংকট এবং রোগীদের সেবা পেতে নানা প্রতিবন্ধকতার বিষয় উঠে আসে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন বক্তারা।
তারা বলেন, হাসপাতালের সেবার মানোন্নয়নে শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে স্বাস্থ্যসেবাগ্রহীতা, নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সময়ের আলো/জোই