বাজারের মারপ্যাঁচে ফলের নাগাল হারাচ্ছেন সাধারণ মানুষ

কায়সার রহমান রোমেল, গাইবান্ধা

সারাদেশ

গাইবান্ধা শহরের ফলের দোকানের সামনে দাঁড়ালে মূল্য তালিকার চেয়ে ক্রেতাদের মুখের দিকেই আগে চোখ যায়। কেউ হলুদ মাল্টা হাতে নিয়ে

2026-11-16T13:42:00+00:00
2026-11-16T13:42:00+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
রোগীর পথ্য এখন বিলাস পণ্য
বাজারের মারপ্যাঁচে ফলের নাগাল হারাচ্ছেন সাধারণ মানুষ
কায়সার রহমান রোমেল, গাইবান্ধা
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:৪২ পিএম 
ছবি : সময়ের আলো
গাইবান্ধা শহরের ফলের দোকানের সামনে দাঁড়ালে মূল্য তালিকার চেয়ে ক্রেতাদের মুখের দিকেই আগে চোখ যায়। কেউ হলুদ মাল্টা হাতে নিয়ে দাম শুনে নামিয়ে রাখছেন, কেউ একটি ডাবের দর জিজ্ঞেস করে চুপচাপ সরে যাচ্ছেন। অসুস্থ স্বজনের জন্য ফল কিনতে এসে ফিরে যাওয়ার এমন দৃশ্য এখন প্রতিদিনের।

গাইবান্ধার খুচরা বাজারে হলুদ মাল্টা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪২০ থেকে ৫২০ টাকায়। বড় একটি মাল্টার দামই ১০০ টাকার বেশি। বেদানা ৪০০-৬৫০, আঙুর ৪০০-৫৫০, আপেল ৩২০-৪৫০ টাকা। দেশি ডাব আকারভেদে ১৫০ থেকে ১৮০ টাকা, অথচ আগস্টেও বাজারে খুচরা দর ছিল ১৩০-১৫০ টাকা।

ক্রেতা আকতার হাবিব বলেন, আগে অসুস্থ মানুষের জন্য মাল্টা বা ডাব কিনতে ভাবতে হতো না। এখন এক কেজি মাল্টাই ৫০০ টাকা। ডাক্তার ফল আর তরল খাবার দিতে বলেন, কিন্তু বাজারে এসে মনে হয় সবই আমাদের নাগালের বাইরে।

এ সময়টা আরও কঠিন, কারণ ডেঙ্গু এখন আর রাজধানী ঢাকার রোগ নেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন, মৃত্যু ৪৯৯ জনের। ২০২৫ সালের পুরো বছরের তুলনায় ভর্তি রোগী প্রায় ৫৮ শতাংশ বেশি।

রংপুর বিভাগে ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবরের মধ্যেই আক্রান্ত ৪ হাজার ৪৪০ জনের বেশি, মৃত্যু অন্তত ১১। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের হিসাবে ২০২৫ সালে গাইবান্ধায় আক্রান্ত ছিলেন ১৬২ জন, মৃত্যু ছিল না। এ বছর সুন্দরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় ঢাকা থেকে জ্বর নিয়ে ফেরা মানুষ ও স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

চিকিৎসকেরা বলছেন, কোনো ফলই ডেঙ্গুর প্লাটিলেট বাড়ানোর নিশ্চিত চিকিৎসা নয়। তবে জ্বরে পানিশূন্যতা ও দুর্বলতা কাটাতে পানি, ওরস্যালাইন, ডাবের পানি ও সহজপাচ্য তরল খাবার জরুরি। পরিবারগুলো সেই পরামর্শ মানতে গিয়েই বাজারে চড়া দামের মুখে পড়ছে। ভুক্তভোগীদের অভিযোগ, জরুরি চাহিদার সুযোগ নিচ্ছেন একশ্রেণির ব্যবসায়ী।

গাইবান্ধার ক্রেতা যে মাল্টা ৫২০ টাকায় কেনেন, দক্ষিণ আফ্রিকা ও মিশর থেকে তার আমদানি দর কেজিপ্রতি মাত্র ৭০ সেন্ট বা প্রায় ৮৭ টাকা। অর্থাৎ ভোক্তার হাতে পৌঁছাতে দাম বাড়ছে পাঁচ-ছয় গুণ।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরে খালাসের সময়ই কর-শুল্কে কেজিতে প্রায় ১০৭ টাকা যোগ হয়ে দাম দাঁড়ায় ১৯৩-১৯৪ টাকা। আমদানিকারকেরা বলছেন, হিমায়িত কনটেইনার, বন্দর মাশুল, পচনঝুঁকি ও ব্যাংক খরচ ধরলে ব্যয় ২৩০-২৪০ টাকা। ২১ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় চট্টগ্রাম থেকে ফল আনার ট্রাকভাড়া ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকায় উঠেছে বলে জানান তারা। ব্যবসায়ীদের দাবি, কেজিতে পরিবহন ব্যয় বেড়েছে প্রায় ২০ টাকা। গাইবান্ধার মতো দূরের জেলায় ঢাকা-চট্টগ্রাম থেকে আসা ফলে এই বাড়তি ভাড়ার চাপ আরও বেশি পড়ার কথা।

তবু হিসাব মেলে না। ব্যবসায়ীদের সর্বোচ্চ দাবি (কেজিতে ২৫০-২৬০ টাকা) ধরলেও পাইকারিতে ১৫ কেজির কার্টন বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকায়, অর্থাৎ কেজি ৪০০-৫০০ টাকা। গাইবান্ধার খুচরা বাজারে ৫২০ টাকায় পৌঁছাতে কেজিতে ১৬০ থেকে ২৭০ টাকার ব্যবধান তৈরি হচ্ছে, যা শুধু পরিবহন বা দোকানভাড়ায় ব্যাখ্যা করা কঠিন। আমদানিকারকরাও মানছেন, খুচরা বিক্রেতারা অনেক সময় কেজিতে ১০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন। ট্যারিফ কমিশনের ২৯ অক্টোবরের বিশ্লেষণেও খুচরা পর্যায়ে বাড়তি মুনাফার প্রবণতার কথা এসেছে।

গাইবান্ধার বাস্তবতা এমনিতেই নাজুক। বিবিএসের ২০১৬ সালের জরিপে জেলায় দারিদ্র্যের হার ছিল ৪৬ দশমিক ৭ শতাংশ। বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুযায়ী গাইবান্ধা জেলায় দারিদ্র্যের হার ২৪ দশমিক ৩০ শতাংশ। এরমধ্যে সাধারণ দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ এবং অতিদারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। ২০২২ সালে রংপুর বিভাগে দারিদ্র্য কমে ২৪ দশমিক ৮ শতাংশ হলেও তা জাতীয় গড়ের (১৮ দশমিক ৭ শতাংশ) চেয়ে বেশি।

অক্টোবরের ভোক্তা মূল্যসূচকে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে ১০ দশমিক ২১ শতাংশ। একই সময়ে জাতীয় মজুরি বৃদ্ধি ৭ দশমিক ৬৩ শতাংশ, কৃষি খাতে ৭ দশমিক ৫৫ শতাংশ। অর্থাৎ মজুরি মূল্যস্ফীতির পেছনে পড়ে আছে।

বেসরকারি স্কুলশিক্ষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের চাকরিজীবীদের বেতন বছরের পর বছর প্রায় একই। এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বেড়েছে, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকায় উঠেছে। ওএমএসের লাইনে দাঁড়াতে না পারা এই মধ্যবিত্ত শ্রেণি সঞ্চয় ভেঙে চলছে; ৫০০ টাকার মাল্টা তাদের বাজারের ফর্দ থেকে প্রায় বাদ।

ভরা মৌসুমে ধান কাটার শ্রমিকের মজুরি ৯০০-১ হাজার টাকা, ফলে মণপ্রতি ধানের উৎপাদন খরচও প্রায় ততটুকু; বাজারদরও তার কাছাকাছি। সুন্দরগঞ্জসহ কয়েক এলাকায় সারের ডিলারদের বস্তায় ২০০-৩০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ আছে। কৃষক ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো সরু চালের (৮০-১০০ টাকা) বদলে মোটা চাল (৫৫-৬০ টাকা) খাচ্ছে, সপ্তাহে তিন দিনের ডিম-মাছ নেমে এসেছে একদিনে।


চর ও শহরের দিনমজুর বা একজন শ্রমিক ৯০০ টাকা মজুরি পেলেও এক কেজি মাল্টা (৫০০) আর একটি ডাব (২০০) কিনলে দিনের আয় প্রায় শেষ। দোকানে বাকির খাতা লম্বা হচ্ছে। শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খেজুরে শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে এবং মাল্টা ও আপেলে মোট করভার ১২১.৭৮ থেকে ৬১ শতাংশে নামানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু মাল্টা-আপেলের এই হার কার্যকর থাকবে কেবল ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি, এক মাস। খেজুরের ছাড় চলবে ১০ মার্চ ২০২৭ পর্যন্ত।

গাইবান্ধার ক্রেতাদের জন্য এর অর্থ, ডেঙ্গু ও শীতের ভরা মৌসুমের বড় অংশে দাম কমার সম্ভাবনা কম। রোগীর পথ্য হিসেবে বহুল ব্যবহৃত বেদানা, আঙুর ও নাশপাতি এই ছাড়ের তালিকায় নেই। ৬১ শতাংশ করভারে বন্দর-খালাস ব্যয় প্রায় ৫৩-৫৪ টাকা কমে ১৪০ টাকায় নামার কথা। কিন্তু সেই সাশ্রয় গাইবান্ধার দোকান পর্যন্ত আসবে কি না, তা নিয়ে সংশয় আছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সতর্ক করেছে, শুল্ক কমলেও আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতারা একে অপরকে দোষ দেন, দাম কমে না।

সম্প্রতি বাণিজ্যমন্ত্রণালয় অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুরের ধাপেরহাটসহ গাইবান্ধার বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তবে ভোক্তা অধিকারকর্মীরা বলছেন, বিচ্ছিন্ন জরিমানায় বাজারে শৃঙ্খলা ফেরে না।

বিটিটিসি বলছে, দেশে বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় না এমন তাজা ফলের সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে মোট করভার ৮৯ শতাংশে নামালে দাম নাগালে আসবে, আমদানি বাড়বে, সরকারের রাজস্বও কমবে না। এই শুল্ক-নীতির অসংগতি চোখে পড়ার মতো- চলতি অর্থবছরে ৫০ হাজার ডলারের বিলাসবহুল টেসলা আমদানিতে সর্বোচ্চ করভার ৮০ শতাংশ, আর গাইবান্ধার রোগীর পথ্য মাল্টা ও আপেলে ১২১ দশমিক ৭৮ শতাংশ। জেলা পর্যায়ে প্রয়োজন চালানভিত্তিক তদারকি এবং জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ নজরদারি।

কৃষি কর্মকর্তারা বলছেন, দীর্ঘমেয়াদে গাইবান্ধার মাটি ও আবহাওয়া কলা, পেয়ারা, পেঁপে, লেবু ও দেশি মাল্টা চাষের উপযোগী। বাণিজ্যিক চাষ, ন্যায্য দামে সার-সেচ এবং আঞ্চলিক হিমাগার গড়ে উঠলে আমদানিনির্ভরতা কমবে। ডেঙ্গু আক্রান্ত দরিদ্র পরিবার ও চরাঞ্চলের মানুষের জন্য পুষ্টি সহায়তার কথাও ভাবতে হবে।

নইলে গাইবান্ধার ফলের দোকানের সাজানো পসরা দেখেই ফিরে যেতে হবে বহু মানুষকে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাইবান্ধা  বাজার  মারপ্যাঁচ  ফল  সাধারণ মানুষ  রোগীর পথ্য  বিলাস পণ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: