প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম
ঘুঘু পাখি অবমুক্ত করেছে। ছবি : সময়ের আলোচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে ১০টি ঘুঘু পাখি অবমুক্ত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জীব ও বৈচিত্র্য সংরক্ষণ যুব সমাজ। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে সংগঠনটির উদ্যোগে পাখিগুলো মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, গত ১৫ নভেম্বর আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ি-এলাহীনগর এলাকা থেকে দুই পাখিশিকারির কাছ থেকে ঘুঘু পাখিগুলো উদ্ধার করা হয়। জীব ও বৈচিত্র্য সংরক্ষণ যুব সমাজের সদস্যদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পাখিগুলো ফেলে পালিয়ে যায়। পরে সংগঠনের সদস্যরা পাখিগুলো নিজেদের হেফাজতে নেন। প্রয়োজনীয় পরিচর্যা শেষে সোমবার সেগুলো অবমুক্ত করা হয়।
পাখি অবমুক্তকরণ অনুষ্ঠানে জীব ও বৈচিত্র্য সংরক্ষণ যুব সমাজের সভাপতি এম সাঈদ হিরোনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীনূর আক্তার বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও পরিবেশকে বাসযোগ্য রাখতে পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাখি প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখে। নির্বিচারে পাখি শিকার ও বন্যপ্রাণী নিধন বন্ধে সবাইকে সচেতন হতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। পাশাপাশি পাখিশিকারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নওরজ সাঈদ, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম এবং আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির অবাধ বিচরণ নিশ্চিত করা জরুরি। পাখি শিকার ও বন্যপ্রাণী নিধন বন্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তরুণদের এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অন্যদেরও জীববৈচিত্র্য সংরক্ষণে উৎসাহিত করবে।
সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক, দক্ষতা প্রশিক্ষণ সম্পাদক আর এ তামান্না, নদ-নদী সম্পাদক এএসএইচ তারিফ আহমেদ, শাওন আহমেদ, মঞ্জুরুলসহ সংগঠনের অন্য সদস্যরা।
সময়ের আলো/জোই