প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:০৩ পিএম
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত। ছবি : সময়ের আলোচট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারেজ (২১) নামে এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অন্য আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে জানা গেছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের (বোর্ড অফিস) সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাস (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) এবং চট্টগ্রাম শহর থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং অন্যজন গুরুতর আহত হন। নিহত ফারেজ সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে।
নিহত ফারেজ (২১) লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।
কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহী একজনকে মৃত অবস্থায় দেখতে পান। অন্যজন গুরুতর আহত ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে তিনি জানতে পেরেছেন।
পটিয়া হাইওয়ে থানার পুলিশের এএসআই বেলাল উদ্দিন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
সময়ের আলো/জোই