৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস, ৯ বছরের লড়াই শেষে নির্দোষ ইলিয়াস

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন ইলিয়াস আহমেদ। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন

2026-11-16T15:17:40+00:00
2026-11-16T15:17:40+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস, ৯ বছরের লড়াই শেষে নির্দোষ ইলিয়াস
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম 
ইলিয়াস আহমেদ। ছবি : সংগৃহীত
মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন ইলিয়াস আহমেদ। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। পরে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। দীর্ঘ ৮০৮ দিন কারাভোগ এবং প্রায় নয় বছরের আইনি লড়াই শেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দিয়েছেন। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতেও তার অভিযোগ তালিকাভুক্ত হয়েছে। কিন্তু আইনি লড়াইয়ে মুক্তি মিললেও এখনো রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসন পাননি তিনি।

নথিপত্র ও ইলিয়াসের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ এপ্রিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামে জন্ম তার। বাবা আমির আলী। একটি গার্মেন্টস কোম্পানির মানবসম্পদ (এইচআর) বিভাগে চাকরির সুবাদে গাজীপুরে থাকতেন তিনি।

ইলিয়াসের অভিযোগ, ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলাবাজার এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। এরপর ৮৮ দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর একই বছরের ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় (নম্বর ৪০(০৫)২০১৭) তাকে গ্রেফতার দেখানো হয়।

পরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের একটি মামলায় (নম্বর ২৪৩/২০১৮) তাকে ৮০৮ দিন কারাগারে থাকতে হয়। ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। তবে জামিনে মুক্তি পেলেও মামলা থেকে মুক্তি পেতে তাকে আরও কয়েক বছর আইনি লড়াই চালিয়ে যেতে হয়।


অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন। অন্যদিকে, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে দেওয়া তার অভিযোগ যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে। কমিশনের নথি অনুযায়ী, স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, তালিকায় ক্রমিক ৩৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৮৩৪।

ইলিয়াসের দাবি, গুম ও দীর্ঘ কারাবাসের কারণে তার শিক্ষাজীবন ও কর্মজীবনের স্বপ্ন ভেঙে গেছে। বছরের পর বছর মামলা চালাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তার পরিবারও। আদালতে নির্দোষ প্রমাণিত হলেও হারানো সময়, সামাজিক মর্যাদা ও স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার পথ এখনো তৈরি হয়নি।

ইলিয়াস বলেন, আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও আমার অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া নয়টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা বা পুনর্বাসন পাইনি।

নিজের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছেন ইলিয়াস। দাবিগুলো হলো—সরকারিভাবে নির্দোষ ঘোষণার স্বীকৃতি ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, গুম এবং মামলায় জড়ানোর অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিচার, যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন।

ইলিয়াসের মতে, আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হওয়াই স্বাভাবিক জীবনে ফেরার জন্য যথেষ্ট নয়। গুম ও কারাবাসে তার জীবনের যে মূল্যবান সময় এবং সম্ভাবনা নষ্ট হয়েছে, তা কাটিয়ে উঠতে রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিপূরণ ও পুনর্বাসন প্রয়োজন।

সময়ের আলো/জোই
  বিষয়:   শেরপুর  ইলিয়াস আহমেদ  গুম  গুমের অভিযোগ  গুম সংক্রান্ত কমিশন  শেরপুর  নালিতাবাড়ী  আইনি লড়াই  ক্ষতিপূরণ  পুনর্বাসন  মানবাধিকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: