প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম
শেরপুরের মধুটিলা ইকোপার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা। ছবি : সময়ের আলোপ্রবেশমূল্য পাঁচ গুণ বাড়িয়ে ২০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে। কিন্তু বাড়েনি সুযোগ-সুবিধা, হয়নি অবকাঠামোর উন্নয়ন। বরং দীর্ঘদিনের অযত্নে একের পর এক স্থাপনা নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে বাড়তি টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে শেরপুরের মধুটিলা ইকোপার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা।
মেঘালয় পাহাড়ের কোলঘেঁষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়ায় অবস্থিত মধুটিলা ইকোপার্ক। ১৯৯৯ সালে বন বিভাগের উদ্যোগে প্রায় ৩৮০ একর বনভূমি নিয়ে পার্কটির যাত্রা শুরু হয়। একসময় ওয়াচ টাওয়ার, ঝুলন্ত সেতু, লেক, শিশুপার্ক, মিনি চিড়িয়াখানা, পিকনিক স্পট ও পাহাড়ি ওয়াকওয়েসহ নানা আয়োজনের কারণে এটি পর্যটকদের কাছে জনপ্রিয় ছিল।
তবে দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটির চিত্র পাল্টে গেছে। বিলীন হয়েছে শিশুপার্ক ও মিনি চিড়িয়াখানা। জরাজীর্ণ হয়ে পড়েছে বিভিন্ন স্থাপনা। কোথাও রং উঠে গেছে, কোথাও ভেঙে পড়েছে অবকাঠামো। পর্যাপ্ত সুপেয় পানি ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাবেও ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা।
অন্যদিকে, গত বছর পার্কটির প্রবেশমূল্য ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়। কিন্তু বাড়তি প্রবেশমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সেবার মান বাড়েনি। ফলে অনেক পর্যটক হতাশ হয়ে পার্কে প্রবেশ না করেই ফিরে যাচ্ছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত পার্কটির পুরোনো স্থাপনাগুলো সংস্কার, আধুনিক বিনোদন সুবিধা সংযোজন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হোক।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম পার্কটির দুরবস্থার কথা স্বীকার করে জানান, উন্নয়ন ও সংস্কারের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়বে।
এদিকে গত ১০ অক্টোবর পার্কটি পরিদর্শন ও মতবিনিময় সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এর আধুনিকায়নের আশ্বাস দেন।
সময়ের আলো/এমকে