প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম
ছবি : সময়ের আলোজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর বরিশাল বিভাগীয় পর্যায়ে দুটি গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে পিরোজপুরের হযরত আলী (রা.) হিফজ ও নূরানী মাদ্রাসার দুই শিক্ষার্থী। তাদের এ সাফল্যে সংবর্ধনা দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫ পারা গ্রুপে প্রথম হয়েছে মো. সাদ উদ্দিন এবং ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে মো. আব্দুল্লাহ। তাদের কৃতিত্বপূর্ণ অর্জন উদ্যাপন ও উৎসাহ দিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শামসুদ্দিন, নির্বাহী সহসভাপতি হাফেজ ক্বারী মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি যুবায়ের আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়ানগরের বালিপাড়া কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শামসুল হক।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা কৃতী দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বক্তারা বলেন, পবিত্র কুরআনের হাফেজরা সমাজে আলোর বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তাদের এ অর্জন শুধু পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, বরং পুরো এলাকার গৌরব। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও পবিত্র কুরআনের মর্যাদা ও সৌন্দর্য তুলে ধরতে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, কুরআনের শিক্ষায় শিক্ষিত এসব শিক্ষার্থীকে নৈতিকতা ও আদর্শের আলোকে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
সময়ের আলো/জোই