প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
মো. রামিন। ছবি : সময়ের আলোচট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ব্যবসার টাকা নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. রামিনকে (২১) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।
সংস্থাটি জানায়, নিহত রহিম উল্লাহর (৬৩) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামে। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় বসবাস করতেন। বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকার আক্কাসের মার্কেটের সামনে ভ্যানগাড়িতে কাপড়চোপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন তিনি।
রামিন বাবার কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তবে বিক্রির টাকা বাবাকে ঠিকমতো না দিয়ে অপ্রয়োজনীয় কাজে খরচ করতেন তিনি। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ তৈরি হয়।
এসআরবির তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে ব্যবসার টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তার বাবাকে মারধর করেন। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলে বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান রামিন।
এর প্রায় তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে আবারও তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময় রামিন তার বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রহিম উল্লাহ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১১ নভেম্বর পতেঙ্গা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ছেলে রামিনকে প্রধান আসামি করা হয়েছে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ঘটনার পর থেকে রামিন আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারির পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে এসআরবি। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামিনকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো