প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম
ছবি : সংগৃহীতউত্তরাঞ্চলে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সার নিয়ে অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা। তিনি বলেছেন, সারের কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কোথাও কোনো সংকট নেই।
গত ১২ ও ১৩ নভেম্বর ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট ও রংপুরে ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন গুদাম পরিদর্শনকালে এসব কথা বলেন বিসিআইসি চেয়ারম্যান। এ সময় তিনি গুদামগুলোর নির্মাণকাজের অগ্রগতি এবং সার পরিবহন, সংরক্ষণ ও মজুদ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা এবং পরিবহন ও বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকির ওপর গুরুত্ব দেন।
১৩ নভেম্বর রংপুর সার্কিট হাউসে সার পরিবহন, সংরক্ষণ ও মজুদ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় অংশ নেন বিসিআইসি চেয়ারম্যান। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাবুল মিঞা বলেন, উত্তরাঞ্চলে সারের সরবরাহ ও সংরক্ষণব্যবস্থা শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। সার নিয়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, সারের কৃত্রিম সংকট নিয়ে কিছু অসাধু মহলের প্রচার কৃষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এ ধরনের গুজব ঠেকাতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার বিতরণ এবং মজুদ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
কৃষকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত সার মজুদ না করার আহ্বানও জানান বিসিআইসি চেয়ারম্যান।
সময়ের আলো/টিকে