প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা। ছবি : সংগৃহীতনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো: সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে কাঁচপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, রোববার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মরহুম রতন সরদারের ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় বাড়ির লোকজন বিষয়টি টের পান। তারা ‘চোর’, ‘চোর’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়।
কয়েক দফায় উত্তেজিত জনতার গণপিটুনিতে সোহেল গুরুত আহত হয়। পরে তাকে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে কাঁচপুরের একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সেখানেই সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সময়ের আলো/এমকে