প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম
সংকট সমাধানে আট দফা সুপারিশ তুলে ধরেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ছবি : সময়ের আলোসাতক্ষীরা পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ করা পানিতে দুর্গন্ধ, ময়লা ও কেঁচো পাওয়ায় তা দৈনন্দিন কাজেও ব্যবহার করতে পারছেন না বাসিন্দারা। বাধ্য হয়ে প্রতিমাসে দেড় থেকে দুই হাজার টাকা খরচ করে পানি কিনতে হচ্ছে। এ পরিস্থিতিতে সংকট সমাধানে আট দফা সুপারিশ তুলে ধরেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘শহরের নিম্ন আয়ের মানুষের সুপেয় পানির সংকট ও সমাধানে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে এসব সুপারিশ তুলে ধরা হয়।
সংলাপে উপস্থাপিত ধারণাপত্রে বলা হয়, গত এক দশকে শহরের জনসংখ্যা ও আয়তন বাড়লেও পানি সরবরাহের পরিমাণ ও মান বাড়েনি। বর্তমানে পৌরসভার ৩৬ হাজার ২৯৯টি পরিবারের বিপরীতে পানির সংযোগ রয়েছে প্রায় ১১ হাজার ৩০০টি, যা মোট পরিবারের মাত্র ৩১ শতাংশ। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পৌরসভার পানি উৎপাদন সক্ষমতাও ৫০ শতাংশের নিচে নেমেছে।
আট দফা সুপারিশের মধ্যে রয়েছে, সাশ্রয়ী মূল্যে নিরাপদ পানি সরবরাহ, বাড়িতে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাধার খনন, ঘনবসতিপূর্ণ এলাকায় পানির ট্যাপ স্থাপন, পুকুর ভরাট বন্ধ এবং সরবরাহ করা পানির আর্সেনিক, আয়রন, লবণাক্ততা ও পিএইচ পরীক্ষা করে ফলাফল প্রকাশ। পাশাপাশি পানি সরবরাহ অবকাঠামোর রক্ষণাবেক্ষণে পৃথক বরাদ্দ এবং পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশ করা হয়।
সংলাপে বদ্দীপুর কলোনির বাসিন্দা জাহানারা খাতুন ও মরিয়ম খাতুন জানান, অতিবৃষ্টির সময় প্রতিবছর প্রায় ছয় মাস পানিবন্দী থাকতে হয় তাদের। এ সময় খাবার পানির সংকট আরও তীব্র হয়। পৌর এলাকায় বসবাস করেও তারা সুপেয় পানির সংযোগ পাননি।
সাতক্ষীরা গ্রিন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার পানি সরবরাহ শাখার প্রকৌশলী নিমাই চন্দ্র পাল। ধারণাপত্র উপস্থাপন করেন আসাদুজ্জামান সরদার। এতে নাগরিক সমাজ, পরিবেশকর্মী, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।
সময়ের আলো/এমকে