প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম
ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াতে যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ছবি : সময়ের আলোফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে আওয়ামী লীগ সমর্থক এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াতে যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরপুর বাজারের চন্দ্রপাড়া স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
আটক ইউসুফ মুন্সী (৪২) উপজেলা সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামের আব্দুল রাজ্জাক মুন্সীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোভ্যানচালক।
মিছিলের নেতৃত্বে থাকা সদরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মুন্সী ইশারত বলেন, সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সহিংসতার বিরুদ্ধে উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে আমরা একটি মিছিল বের করে চন্দ্রপাড়া স্ট্যান্ডে এলে ইউসুফ বারবার জয় বাংলা, ‘জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে। পরে আমরা যুবদলের নেতাকর্মীরা তাকে ধরে সদরপুর থানায় সোপর্দ করি।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন শাহ্ বলেন, সদরপুর উপজেলা যুবদলের নেতাকর্মীরা ইউসুফ মুন্সী নামের এক আওয়ামী লীগ সমর্থককে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াতে তাকে থানায় সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/এমকে