প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম
স্বামীর কাছে কেঁদে ছয় মাস সময় চেয়েও শেষ পর্যন্ত সম্পর্ক ধরে রাখতে পারেননি বরিশালের হিজলা উপজেলার ইতি আক্তার। ছবি : সংগৃহীতসন্তান না হওয়ায় সাত বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। সংসার বাঁচাতে স্বামীর কাছে কেঁদে ছয় মাস সময় চেয়েও শেষ পর্যন্ত সম্পর্ক ধরে রাখতে পারেননি বরিশালের হিজলা উপজেলার ইতি আক্তার। বিচ্ছেদের পর দেশ-বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেলেও আপাতত নতুন সংসার নয়, নিজের পায়ে দাঁড়াতে চান তিনি।
ইতির বাড়ি উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে। সাত বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। তবে সন্তান না হওয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন, অপমান ও কটুকথা সহ্য করতে হয়েছে বলে অভিযোগ তার।
ইতির ভাষ্য, সংসার টিকিয়ে রাখতে শেষবারের মতো স্বামীর কাছে ছয় মাস সময় চেয়েছিলেন। এমনকি স্বামীর পা ধরে কেঁদেও সম্পর্ক না ভাঙার আকুতি জানিয়েছিলেন। কিন্তু তাতে সাড়া দেননি স্বামী রনি খান। একপর্যায়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। গত ৭ নভেম্বর সাত বছরের সংসারের বিচ্ছেদ ঘটে।
রোববার (১৫ নভেম্বর) নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ইতি জানান, বিচ্ছেদের পর ভাইয়ের মাধ্যমে ও বিভিন্ন যোগাযোগে দেশ-বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন। প্রতিদিনই নতুন প্রস্তাব আসছে। তবে অতীতের মানসিক আঘাত কাটিয়ে উঠতে আপাতত বিয়ের কথা ভাবছেন না তিনি।
ভবিষ্যতে বিয়ে করলে এমন একজন জীবনসঙ্গী চান, যিনি সন্তান না হওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নেবেন এবং তাকে সম্মান করবেন।
ইতির এখন প্রধান চাওয়া একটি চাকরি বা কর্মসংস্থানের সুযোগ। কারও ওপর নির্ভরশীল না হয়ে নিজের দায়িত্ব নিজেই নিতে চান তিনি। এ জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
মেয়ের সংসার টিকিয়ে রাখতে বাবা রিকিব আলী সরদার জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া ও গাছপালা বিক্রি করে জামাতার সংসারে সহযোগিতা করেছিলেন। তবু মেয়ের সংসার রক্ষা করতে পারেননি। এখন মেয়ের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করাই তার প্রত্যাশা।
ইতির সহপাঠীরাও মনে করেন, সন্তান না হওয়ার দায় শুধু একজন নারীর ওপর চাপানো উচিত নয়। তাদের মতে, এমন পরিস্থিতিতে নারীর পাশে দাঁড়ানো এবং মানসিকভাবে সহযোগিতা করা সমাজের দায়িত্ব।
ভেঙে যাওয়া সংসারের কষ্ট পেছনে ফেলে এখন নতুন করে জীবন সাজাতে চান ইতি। তার কাছে আপাতত বিয়ের চেয়ে আত্মনির্ভরশীলতা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকাই বড়।
সময়ের আলো/এমকে