কুড়িগ্রামে তিন মাসেও খোঁজ মেলেনি গৃহবধূ নাসিমার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে খোঁজ করেও

2026-11-16T21:21:14+00:00
2026-11-16T21:21:14+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে তিন মাসেও খোঁজ মেলেনি গৃহবধূ নাসিমার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:২১ পিএম 
নাসিমা বেগম। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। মায়ের অপেক্ষায় দিন কাটছে সন্তানের, স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা স্বামী। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেফতার করলেও এখনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নাসিমা। পথে নাগেশ্বরীর আন্ধারীরঝাড় বাজার মোড়ে সিসিটিভি ফুটেজে তাকে অটো থেকে নামতে দেখা যায়। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের ৮ থেকে ১০ দিন পর মিজানুর নামে এক ব্যক্তি পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে নাসিমাকে হস্তান্তরের প্রস্তাব দেন। পরে তিনি দাবি করেন, পাওয়া ওই নারী নাসিমা নন। অন্যদিকে, স্থানীয় এক ব্যক্তি নিখোঁজের দুই দিন পর নাসিমাকে একটি বাড়িতে অচেতন অবস্থায় দেখার দাবি করেন। তবে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই তাকে সরিয়ে ফেলা হয়। ওই বাড়ির লোকজনও আত্মগোপনে চলে যান বলে অভিযোগ পরিবারের।


নাসিমার ছেলে নাসিম মিয়া জানান, মায়ের নিখোঁজের সময় তিনি ভারতের দিল্লিতে ছিলেন। সেখানে ১২ দিন খোঁজাখুঁজির পর ৩০ আগস্ট দেশে ফেরেন। পরে ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করেন।

নাসিমার স্বামী নজরুল ইসলাম নজু জানান, দিল্লিতে বিয়ে হওয়ার পর দীর্ঘদিন সেখানে যাতায়াত ও ব্যবসা করতেন তারা। সম্প্রতি সব সম্পদ বিক্রি করে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস শুরু করেন। স্ত্রীকে এভাবে হারিয়ে পুরো পরিবার ভেঙে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য মাহাবুবার রহমান সরকারও নাসিমার সন্ধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি অপহরণ নাকি নিখোঁজ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কুড়িগ্রাম  খোঁজ  গৃহবধূ  নাসিমা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: