জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেড শহরে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। খবর রয়টার্সের।
সোমবার (২৯ জুন) হামবুর্গ বন্দর নগরীর কাছাকাছি অবস্থিত স্টেড শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শহরটির পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য বা কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আটক দ্বিতীয় ব্যক্তির ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন পলাতক নেই।
হামলায় ঠিক কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। নিহত ব্যক্তিরা সবাই প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ।
এর আগে দেশটির স্থানীয় গণমাধ্যমে বলা হয়, শহরটির কেন্দ্রস্থলে একটি যুব কেন্দ্রের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। তবে পুলিশের মুখপাত্র বিষয়টি অস্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান।
হামলার পরপরই পুলিশ ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচল না করার জন্য সতর্ক করেছিল। প্রায় ৫০ হাজার মানুষের এই ছোট শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত।
এ ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সময়ের আলো/আআ