দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রভাবে নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দামে বড় ধরনের পতন দেখা গেছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
এই নতুন দাম মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।
আরও পড়ুন
এর আগে মাত্র একদিন আগে, ২৯ জুন, ২২ ক্যারেট সোনার দাম কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা। সেই হিসেবে দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি মোট দাম কমেছে ৬ হাজার ৫৯০ টাকা।
নতুন দর অনুযায়ী-২১ ক্যারেট সোনার ভরি কমেছে ৩ হাজার ১৪৯ টাকা, নির্ধারণ হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।
১৮ ক্যারেট সোনার ভরি কমেছে ২ হাজার ৬৮৩ টাকা, নির্ধারণ হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা।
সনাতন পদ্ধতির সোনার ভরি কমেছে ২ হাজার ১৫৮ টাকা, নির্ধারণ হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগের দিনের (২৯ জুন) দরে ২২ ক্যারেটের মূল্য ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা, যা একদিনের ব্যবধানে আবার কমে নতুন স্তরে নেমে এসেছে।
অন্যদিকে, রুপার বাজারেও দেখা গেছে মূল্য সমন্বয়। তবে রুপার ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন দরে-২২ ক্যারেট রুপার ভরি ১৭৫ টাকা কমে ৪ হাজার ৪৯১ টাকা
২১ ক্যারেট রুপা ৪ হাজার ২৫৭ টাকা
১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৬৭৪ টাকা
সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে
এএডি/