তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের সঙ্গে অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিস্তা মহাপরিকল্পনাসহ সব

2026-06-30T13:41:39+00:00
2026-06-30T13:41:39+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
জাতীয়
তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : ডা. জাহেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৪১ পিএম 
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংগৃহীত ছবি
ভারতের সঙ্গে অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিস্তা মহাপরিকল্পনাসহ সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনায় চীনের প্রাথমিক প্রস্তাবে নদীশাসন, ড্রেজিং ও তীর সংরক্ষণের বিষয় রয়েছে। এছাড়া শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় তিস্তায় নতুন একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। তিনি স্পষ্ট করে বলেন, "অন্য কোনো দেশের নিরাপত্তা উদ্বেগ থাকলে বাংলাদেশ তা বিবেচনায় নিলেও, দেশের স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না।

দুর্নীতি দমনে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে উপদেষ্টা বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতির অভিযোগও দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্বাধীনভাবে তদন্ত করা উচিত। আগের সরকার কিংবা বর্তমান সরকার—কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্তের আওতায় আনার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকাকালে রিফাইন্ড, তৃণমূল বা অন্য কোনো নামে কর্মসূচি পালনের সুযোগ নেই। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা উচিত বলেই সরকারের অবস্থান। পাশাপাশি শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে উল্লেখ করে তিনি গণমাধ্যমকে আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

এছাড়া জাতীয় পতাকায় আরবি হরফ ব্যবহারের সাম্প্রতিক বিতর্ক নিয়ে উপদেষ্টা বলেন, বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কেন এ ধরনের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, কারণ এতে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে।


সময়ের আলো/কহু


  বিষয়:   তিস্তা  গঙ্গা  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: