নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এস এম রিয়াজ উদ্দিন চৌধুরী ওরফে সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
রিয়াজ উদ্দিনের (৪২) বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে। বর্তমানে তিনি ঢাকার মুগদা এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, প্রাথমিক পর্যালোচনায় তার ব্যবহৃত মোবাইল ফোনে ‘বাংলাদেশ ছাত্রলীগ সাবেক ও বর্তমান’, ‘বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ’ এবং ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ’ নামে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এস এম রিয়াজ উদ্দিন চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ২০২১ সালে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।
সময়ের আলো/আতা