সৌদি আরবে কর্মরত নির্দিষ্ট শ্রেণির প্রবাসী শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত যোগ্য কর্মীরা তাদের ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ পাবেন। এতে বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে অনুমতিপত্র নবায়ন করতে না পারা কর্মী ও নিয়োগকর্তারা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার অতিরিক্ত সময় পাবেন।
মঙ্গলবার (৩০ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরেরও বেশি আগে শেষ হয়েছে তারা এই বিশেষ সুবিধার আওতায় থাকবেন। এছাড়া, কোনো কর্মী চাকরিতে যোগ দেওয়ার ছয় মাস পার হলেও যদি এখনও ওয়ার্ক পারমিট না পেয়ে থাকেন, তারাও এই সুযোগ গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন
মন্ত্রণালয় বলছে, শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করা, শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা এবং নিয়োগকর্তা ও কর্মীদের আইনগত অবস্থান নিয়মিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান-সংক্রান্ত সব পক্ষের অধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে এই সিদ্ধান্তে।
কর্তৃপক্ষ নিয়োগকর্তা ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে, বর্ধিত সময়সীমার সুযোগ কাজে লাগিয়ে দ্রুত ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে ইস্যুর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে।
পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত এই বিশেষ সময়ের মধ্যেও যদি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তাহলে প্রচলিত শ্রম আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএডি/