আমেরিকা ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কাতারের রাজধানী দোহায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে এই বৈঠক করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কারিগরি আলোচনা এবং কূটনীতি ও সংলাপের মাধ্যমে অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে পর্যালোচনা করা হয়। কাতার জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকলেও এই মুহূর্তে উচ্চপর্যায়ের কোনো বৈঠক নির্ধারিত নেই।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বুধবারে কাতারে নির্ধারিত আলোচনায় তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি বাস্তবায়ন এবং ইরানের অবরুদ্ধ তহবিল (ফ্রোজেন অ্যাসেট) মুক্ত করার বিষয়গুলো স্থান পাবে।
মঙ্গলবারের বৈঠকে লেবাননে সম্প্রতি কার্যকর হওয়া যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। কাতার লেবাননের সার্বভৌমত্ব, ঐক্য ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখার ওপর জোর দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শুক্রবার চুক্তি স্বাক্ষরিত হলেও দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি।
ইসরাইলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের ‘নিরাপত্তা অঞ্চলে’ দায়িত্বরত তাদের সেনাদের জন্য হুমকি তৈরি করায় মানজালা এলাকায় হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান ও কৌশলগত জলপথ হোরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে ওমান সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই গত ২৪ ঘণ্টায় অন্তত ৩২টি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার জলপথটি অতিক্রম করেছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর দীর্ঘ দিন পর অবশেষে তার রাষ্ট্রীয় জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে তেহরান। আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরান ও ইরাকের বিভিন্ন স্থানে এই অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা চলবে।
সময়ের আলো/কহু