কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্তের একটি পিলারের পাশ থেকে রোকেয়া বেগম নামে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০১ জুলাই) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।
নিহত রোকেয়া বেগম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝে মানুষের কাছে ভিক্ষা করতেন। গত মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে লাকড়ি খোঁজার উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেননি। পরে রাত ৯টায় জগন্নাথদীঘি বিজিবি ক্যাম্পের সদস্যদের অনুমতি নিয়ে স্বজন ও স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় তাকে খোঁজাখুঁজি করেন।
বিজিবি জগন্নাথদীঘি ক্যাম্পের সুবেদার মোর্শেদ বলেন, ‘মঙ্গলবার রাতে ভারত সীমান্তের ১৪১৩ নম্বর পিলার সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজন রোকেয়া বেগমের লাশ দেখতে পেয়ে আমাদের জানান। তারপর থানায় অবগত করলে পুলিশ এসে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে নিয়ে যায়।’
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
সময়ের আলো/মহু