পে-স্কেল : সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে। নতুন বেতন কাঠামোয় ১১ থেকে ২০তম গ্রেডের

2026-07-01T21:26:28+00:00
2026-07-01T21:27:09+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
পে-স্কেল : সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:২৬ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ৯:২৭ পিএম
সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে। নতুন বেতন কাঠামোয় ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। তবে প্রজ্ঞাপন জারি, ভাতা পুনর্বিন্যাস এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষ না হওয়ায় বর্ধিত বেতন হাতে পেতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেলে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। এর আগে নবম জাতীয় বেতন কমিশন বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল।

পে-স্কেল বাস্তবায়নে সরকার দুই ধাপের একটি মডেলকে অগ্রাধিকার দিচ্ছে। এ পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে নতুন মূল বেতন কার্যকর করা হবে এবং দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস ও সমন্বয় করা হবে। তবে বিকল্প হিসেবে তিন ধাপে বাস্তবায়নের প্রস্তাবও আলোচনায় রয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী প্রথম বছরে মূল বেতনের ৫০ শতাংশ, দ্বিতীয় বছরে বাকি ৫০ শতাংশ এবং তৃতীয় বছরে ভাতাগুলো কার্যকর করার কথা বলা হয়েছে।

অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটি ইতোমধ্যে একাধিক বৈঠকে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর পৃথক পে-কমিশনের সুপারিশ পর্যালোচনা করেছে। কমিটির চূড়ান্ত সুপারিশ শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মূল বেতন একবারেই কার্যকর করা হলে সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবিএএস)-এ তা বাস্তবায়ন সহজ হবে। পরে দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা সমন্বয়ের কাজ সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন

নতুন পে-স্কেলে বিদ্যমান বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের কাজও চলছে। কিছু ভাতা কমানো অথবা একীভূত করার প্রস্তাব রয়েছে। এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতন পাবেন।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম পে-স্কেল কার্যকরের ঘোষণা দেন।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সময়োপযোগী ও যৌক্তিক। দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন না থাকলে সরকারি কর্মচারীদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ এবং দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা কঠিন।

তবে তিনি স্পষ্টভাবে বলেন, শুধু বেতন বৃদ্ধি করলেই দুর্নীতি কমবে-এমন ধারণা বাস্তবসম্মত নয়। তার মতে, নতুন পে-স্কেল কার্যকরের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী প্রকাশ বাধ্যতামূলক করতে হবে। শুধু নিজের নয়, পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-সম্পদের তথ্যও প্রতিবছর হালনাগাদ করা উচিত।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, নবম পে-স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক। মূল্যস্ফীতির কারণে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বর্ধিত বেতন তাদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, আবার এমন একটি শ্রেণির কর্মকর্তাও রয়েছেন, যাদের বেতনেরই প্রয়োজন হয় না। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। তার ভাষ্য, গত দেড় দশকে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) শাসনামলে দেশে যে আর্থিক লুটপাট হয়েছে, তাতে সরকারি কর্মকর্তাদের একটি অংশও জড়িত ছিলেন। তাদের চিহ্নিত করা প্রয়োজন।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   পে-স্কেল  প্রজ্ঞাপন  সরকারি  কর্মকর্তা-কর্মচারী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: