আজ মুক্তি পাচ্ছে বলিউড সিনেমা ‘আলফা’। সম্প্রতি সিনেমাটির প্রচারে গিয়ে ভক্তদের এক বিশেষ উপহারে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী আলিয়া ভাট। ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেন এমন ব্যতিক্রমী উপহারের।
মুক্তির বেশ আগে থেকেই প্রচারে ব্যস্ত ব্যস্ত সময় কাটছিল ‘আলফা’ টিমের। বিভিন্ন শহর ঘোরা, ফ্যানদের সঙ্গে কথা বলা, আড্ডা দেওয়া হয়ে উঠেছিল প্রায় নিত্যদিনের রুটিন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘আলফা গার্লস’ পৌঁছেছিলেন জয়পুরে। টিমে অন্যদের সঙ্গে ছিলেন আলিয়া ভাটও। আর সেখানেই ঘটে অভিনেত্রীর মন ভালো করে দেওয়া এক ঘটনা।
আলিয়ার গাড়ির চারপাশে ভিড় জমান ভক্তরা। তারা নিজেদের ব্র্যান্ডের হাতে তৈরি একজোড়া সুন্দর চুড়ি উপহার দেন আলিয়াকে। এই চুড়ি দুটি তৈরি করা হয়েছিল আলিয়ার বিখ্যাত দুই চরিত্র ‘রাজি’ সিনেমার সেহমত এবং ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র গঙ্গুবাইয়ের অনুপ্রেরণায়। এই উপহার দেখে আলিয়া রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। কিছুটা সময় স্তম্ভিত হয়ে যান। নিজেকে সামলে নিয়ে বারবার ধন্যবাদ জানাতে থাকেন ভক্তদের।
আর বলেন, ‘কী মিষ্টি!’ ভক্তরা আলিয়ার মেয়ে রাহা কাপুরের জন্যও উপহার এনেছিলেন। আলিয়া তাদের অটোগ্রাফ দেন। ভক্তরা যখন জানান যে তাদের পরের চুড়ির সেটটি ‘আলফা’ সিনেমাতে আলিয়ার চরিত্র ‘সীতা’র অনুপ্রেরণায় তৈরি হবে, তখন অভিনেত্রীর আরও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। মুখে ফুটে উঠে চওড়া হাসি। আবারও ধন্যবাদ জানান তাদের।
যশরাজ ফিল্মসের এই হাই-অকটেন স্পাই ড্রামায় এক দুর্ধর্ষ সুপার এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। আলিয়া ছাড়াও অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ, ববি দেওল এবং অনিল কাপুর। একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। শোনা যাচ্ছে, এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আলিয়া প্রায় ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
সিনেমাটির মোট বাজেট ৮০ থেকে ১০০ কোটি টাকার মধ্যে বলে খবর। ‘আলফা’ পরিচালনা করেছেন শিব রাওয়াইল।
‘এক থা টাইগার’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির পর ওয়াইআরএফ তাদের স্পাই ইউনিভার্সে এই প্রথম কোনো মহিলা প্রধান সিনেমা নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, বক্স অফিসে ‘আলফা’ কতটা সফল হয়।
সময়ের আলো/আআ