সংযুক্ত আরব আমিরাতে কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে শারজাহর কালবা ইংলিশ স্কুলের ‘বর্ষসেরা স্টাফ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রবাসী মুহাম্মদ ইউনুস। প্রায় ৩৫০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সামগ্রিক কর্মদক্ষতা, দায়িত্বশীলতা, আন্তরিকতা, ন্যায়পরায়ণতা ও কর্মনিষ্ঠার ভিত্তিতে সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ তাকে এ সম্মাননায় ভূষিত করে।
মুহাম্মদ ইউনুস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ২ নম্বর দাঁত ইউনিয়নের তারাখোঁ গ্রামের বাসিন্দা। তিনি মুহাম্মদ আবুল কাশেমের ছেলে।
২০১১ সালে তিনি শারজাহর কালবা ইংলিশ স্কুলে প্রশাসনিক (এডমিন) কর্মকর্তা হিসেবে যোগ দেন। বর্তমানে স্কুলটিতে প্রায় ৩৫০ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত। তাদের মধ্য থেকে এ বছর বর্ষসেরা স্টাফ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
এ সম্মাননা অর্জন করে মুহাম্মদ ইউনুস বলেন, একজন বাংলাদেশি হিসেবে এই স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত গর্বের। তিনি মনে করেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সততা। সততা, কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি আন্তরিকতার ফলেই তিনি এই সম্মান অর্জন করেছেন।
তিনি আরও বলেন, ‘এই সম্মান শুধু আমার নয়, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত সব বাংলাদেশি প্রবাসীর।’
সময়ের আলো/এসএকে