টানা তিন ম্যাচে জয়, নেই কোনো হার কিংবা ড্রয়ের রেকর্ড। আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পরও ফিফার লাইভ র্যাঙ্কিংয়ে ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। এক ধাপ পিছিয়ে শীর্ষস্থান থেকে দুই নম্বরে নেমে গেছে লিওনেল মেসির দল।
তবে আলবিসেলেস্তেদের এই অবনতি পয়েন্ট হারানোর কারণে নয়। জর্ডানের বিপক্ষে গত ২৮ জুনের ম্যাচের পর আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৯০৭.৪০-ই রয়েছে। মূলত ফ্রান্সের বড় উত্থানের কারণেই শীর্ষস্থান হারাতে হয়েছে তাদের। শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে কিলিয়ান এমবাপ্পেরা ৯.৪০ পয়েন্ট যোগ করেছেন নিজেদের ঝুলিতে। ফলে সর্বমোট ১৯১৬.১৫৪ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের চূড়ায় আরোহণ করেছে ফরাসিরা।
এদিকে ফ্রান্সের এই লাফিয়ে চড়ায় তিনে নেমে গেছে আগে দ্বিতীয় স্থানে থাকা স্পেন। স্প্যানিশদের পয়েন্ট অবশ্য আগের মতোই ১৮৭৯.৫৮ রয়েছে। অন্যদিকে ডি আর কঙ্গোর বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর ১০.৫ পয়েন্ট বাড়লেও ৪ নম্বর স্থানটি ধরে রেখেছে ইংল্যান্ড। এছাড়া যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা ব্রাজিল, মরক্কো এবং নেদারল্যান্ডসের অবস্থানে কোনো নড়চড় হয়নি। পর্তুগাল রয়েছে অষ্টম স্থানে। তবে বড় লাফ দিয়েছে মেক্সিকো, চার ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে তারা।
র্যাঙ্কিংয়ে পিছলে যাওয়ার এই আবহের মধ্যেই আগামী শনিবার শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপে একেবারেই নবাগত হলেও গ্রুপ পর্বে চমক দেখিয়েছে কেপ ভার্দে। তারা স্পেনকে রুখে দেওয়ার পাশাপাশি উরুগুয়ের বিপক্ষে ২ গোল দিয়ে ড্র করেছে এবং সৌদি আরবের কাছেও হারেনি।
হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। বেশ দৃঢ়তার সঙ্গেই তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, তার দেশ ১-০ ব্যবধানে জয়লাভ করবে। তার মতে, আর্জেন্টিনার মতো পরাশক্তির বিপক্ষে তাদের হারানোর কিছু নেই। বরং নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে ফুটবলের পাতায় নতুন এক ইতিহাস লিখতে মুখিয়ে আছে তার দল।
সময়ের আলো/আরবিএন