ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। ওই হামলাকেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) তেহরানে খামেনির জানাজা অনুষ্ঠানের পাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাতামি এ মন্তব্য করেন।
হাতামি বলেন, আমরা আরও দৃঢ় সংকল্প নিয়ে ইরানি জাতির শত্রু— আমেরিকা এবং অপরাধী জায়নবাদী শাসনকে জানিয়ে দিচ্ছি যে, আমরা শহীদ নেতা (খামেনি)-র রক্তের প্রতিশোধ নেব।
এদিকে, শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। দেশটির কর্মকর্তাদের ধারণা, দেশ-বিদেশ থেকে এক কোটি ৫০ লাখ থেকে দুই কোটি মানুষ এ আয়োজনে অংশ নিতে পারেন।
খামেনির মৃত্যুতে ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে তার ছবি সংবলিত পোস্টার ও বিশাল বিলবোর্ড টাঙানো হয়েছে। শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র : আল-জাজিরা
সময়ের আলো/ইউএমএইচ