কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, ‘কৃষি কার্ড করার ফলে মধ্যস্বত্বভোগীরা সুবিধা করতে পারবে না’।
শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘কৃষি কার্ডের কারণে সারা দেশের কৃষকদের একটি ডেটাবেস তৈরি হবে। এতে করে কোন অঞ্চলে কী ফসল উৎপাদন হয়, তা আমরা জানতে পারব। কোনো এলাকায় আলু বেশি উৎপাদন হলে, তাদের বলে দিতে পারব চাহিদা কত। তখন কৃষকেরা চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারবে। যোগান ও চাহিদার সামঞ্জস্য থাকলে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না।’
কৃষিমন্ত্রী বলেন, ‘একেক মৌসুমে একেক সবজি বেশি উৎপাদন হয়। চাহিদার চেয়েও বেশি উৎপাদনের কারণে সবজির দাম পাওয়া যায় না। অনেক সময় দেখা যায়, কৃষকের খেতে টমেটো আছে, কিন্তু দাম না পাওয়ায় টমেটো তুলে না। কারণ, খেত থেকে বাজারে নিতে যে খরচ, সেটিও পাওয়া যায় না। এতে কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হন। সেজন্য সরকার ইউনিয়নে মিনি কোল্ডস্টোরেজ করার কথা ভাবছে এবং সেটি সোলার প্যানেলের মাধ্যমে রান করবে। ফলে, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে না।’
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে কৃষির সঙ্গে সংশ্লিষ্টদের অর্থনৈতিক অগ্রগতি দরকার। কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। ইতোমধ্যে যারা হতদরিদ্র কৃষক, কৃষি ঋণে জর্জরিত, তাদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
সময়ের আলো/মহু