শুধু গান নয়, মানবিক উদ্যোগেও নিয়মিত প্রশংসিত ব্যান্ড অ্যাশেজ। দীর্ঘদিন ধরে নিজেদের কনসার্টের আয়ের একটি অংশ ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসায় ব্যয় করে আসছে দলটি। এরই মধ্যে শতাধিক ক্যানসার-কিডনি রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে।
এবার তাদের পাশে দাঁড়াতে নিজেদের গান বিক্রি করবে ব্যান্ডটি। অ্যাশেজের পরবর্তী অ্যালবাম বিক্রির পুরো অর্থ ব্যয় করা হবে অসহায়দের চিকিৎসায়। ব্যান্ডের গায়ক জুনায়েদ ইভান বলেন, ‘এটি আমাদের নিয়মিত সামাজিক কার্যক্রমেরই একটি অংশ। আমরা প্রায় সময়ই সুযোগ বুঝে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পছন্দ করি।
সেই তাড়না থেকেই নতুন উদ্যোগ। ক্যানসার-কিডনি রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে আমাদের পরবর্তী অ্যালবামের গানগুলো বিক্রি করব। সেখান থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ক্যানসার-কিডনি রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে। অ্যালবামের নাম ‘মানুষের জন্য’।
আগামী বছরের শেষের দিকে আসবে অ্যালবামটি।’ এদিকে সম্প্রতি এক অন্ধ তরুণের পাশে দাঁড়িয়েছে অ্যাশেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছিলেন ইভান। লিখেছিলেন, ‘এবার একজন অন্ধ ছেলের জন্য কাজ করব। আমি গিয়েছি তার সঙ্গে দেখা করতে। তাকে সুস্থ করতে চাই। গান লিখছি। কনসার্ট করব। প্রস্তুতি চলছে।
সবার সহযোগিতা চাই।’ তিনি বলেছিলেন, ‘ছেলেটি বস্তিতে থাকে। কয়েক বছর আগে অসুস্থতায় তার চোখের আলো নিভে যায়। তার বাবা রিকশা চালান। ছেলেটি এবং তার মায়ের সঙ্গে কথা হয়েছে আমার। তাদের চিকিৎসকের সঙ্গে দেখা করতে বলেছি। চিকিৎসার পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে জানতে বলেছি। এরপর আমাদের একজন প্রতিনিধি চিকিৎসকের সঙ্গে কথা বলবেন এবং আমরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
সময়ের আলো/এসএকে