পর্তুগালে সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।
রোবরার (৬ জুলাই) পর্তুগালের স্থানীয় আলমেদা হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
জানা গেছে, গত শনিবার রাত ৯টার পর পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় আলমেদা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়, চলতি বছর দেশে এসে বিয়ে করেছিলেন কামরান। বিয়ের মাত্র তিন মাস পর তিনি আবার পর্তুগালে ফিরে যান। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রবাসীরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্নের চেষ্টা করছেন।
সময়ের আলো/এসএকে