খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো.শাহিন (৫২) কে মৃত্যুদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক জেলা জজ শায়লা শারমিনের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারা মোতাবেক ৫ লাখ টাকা অর্থদণ্ডসহ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মাত্র এক বছরের ব্যবধানে রায় হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এর মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড়ে খাবারের লোভ দেখিয়ে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদরাসাপড়ুয়া শিশুকে ধর্ষণ করে চা দোকানি শাহিন। এ ঘটনায় তাকে আটক করে পুলিশ।
তবে, আসামি পক্ষের আইনজীবী বেদারুল ইসলাম রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
সময়ের আলো/মহু