বিশ্বকাপ চলাকালে একের পর এক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক কুয়াকু বনসাম এবার আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু দাবিকে ‘ভুয়া’ উল্লেখ করে তিনি বলেছেন, মেসির বিরুদ্ধে তিনি কখনো কোনো ভবিষ্যদ্বাণী করেননি।
বিশ্বকাপের নকআউট পর্বে ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে বনসাম দাবি করেছিলেন, তার ‘জাদুর’ কারণে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন গোল করতে পারবেন না। ওই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরে আরেকটি ভিডিওবার্তায় তিনি দাবি করেন, নকআউট পর্বে কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেবে এবং পর্তুগাল প্রথমবারের মতো শিরোপা জিতবে। তবে বাস্তবে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল।
নিজের আগের ভবিষ্যদ্বাণী সত্যি না হওয়ার পর এবার ভিন্ন সুরে কথা বলেছেন বনসাম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তাকে ঘিরে একটি ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি লেখেন, ‘আমাকে নিয়ে একটি ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে, আমি নাকি ভবিষ্যদ্বাণী করেছি মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার আত্মিক শক্তি মেসির সঙ্গে থাকুক।’
এর সঙ্গে আগের একটি পোস্টও যুক্ত করে তিনি বলেন, মেসিকে নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য তিনি করেননি।
বনসামের ভাষ্য, ‘আমি মেসি ও আর্জেন্টিনার সমর্থক। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হারবে— এমন কোনো মন্তব্য আমি করিনি। মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি।’
সময়ের আলো/কেএইচও