একাদশে ৩ বড় পরিবর্তন আর্জেন্টিনার

সময়ের আলো ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকান পরাশক্তি মিসর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ

2026-07-07T20:45:37+00:00
2026-07-07T20:45:37+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলা
একাদশে ৩ বড় পরিবর্তন আর্জেন্টিনার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকান পরাশক্তি মিসর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় কোয়ার্টার ফাইনালে ওঠার এই মরণ-বাঁচন লড়াই শুরু হবে। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ঘাম ঝরানো জয়ের পর, আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আলবিসেলেস্তে শিবিরের শুরুর একাদশে তিনটি বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এই তথ্য নিশ্চিত করেছে।

রক্ষণভাগ, মাঝমাঠ এবং আক্রমণভাগ— দলের এই তিন বিভাগেই আজ নতুন সমীকরণ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রথম পরিবর্তনটি এসেছে রক্ষণভাগে। ইনজুরি কাটিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো ফিরছেন শুরুর একাদশে। অলিম্পিক লিওঁর এই ডিফেন্ডার চোটাক্রান্ত থাকাকালীন দলে নিজের জায়গা ধরে রেখেছিলেন তরুণ ফাকুন্দো মেদিনা। তবে গত ম্যাচে মেদিনার পেশিতে টান পড়ায় আজ অভিজ্ঞ তাগলিয়াফিকোকেই বেছে নিয়েছেন কোচ।

আক্রমণভাগেও এসেছে বড় চমক। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে মূল একাদশে খেলা তারকা স্ট্রাইকার লাউতারো মার্তিনেসকে আজ জায়গা ছেড়ে দিতে হচ্ছে হুলিয়ান আলভারেসের জন্য। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল পেলেও শেষ বত্রিশের ম্যাচে চেনা ছন্দে ছিলেন না লাউতারো। অন্যদিকে, বাঁ পায়ের গোড়ালি চোট কাটিয়ে ফেরা আলভারেস এখন পুরোপুরি ফিট এবং আজকের ম্যাচে শুরু থেকেই লিওনেল মেসির সঙ্গী হিসেবে মাঠ কাঁপাবেন তিনি।

মিডফিল্ড বা মাঝমাঠে এসেছে তৃতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তনটি। কেপ ভার্দের বিপক্ষে মাঝমাঠের সমন্বয়হীনতা ও ছন্দের অভাব দূর করতে আজ শুরু থেকেই খেলবেন অভিজ্ঞ লিয়ান্দ্রো পারেদেস। গত ম্যাচে বদলি হিসেবে নেমে কোচের নজর কেড়েছিলেন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। তাঁর অন্তর্ভুক্তির ফলে একাদশ থেকে বাদ পড়েছেন তরুণ থিয়াগো আলমাদা।

কৌশলগত কারণে পারেদেস আজ খেলবেন রক্ষণাত্মক বা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। এর আগে এই ভূমিকা পালন করতেন আলেক্সিস মাক আলিস্তার। পারেদেসের আগমনে মাক আলিস্তার এখন অনেকটা স্বাধীনতা পাবেন এবং ওপরে উঠে এনসো ফার্নান্দেসের সাথে মিলে আক্রমণভাগে বেশি মনোযোগী হতে পারবেন, যা আর্জেন্টিনার আক্রমণকে আরও ধারালো করবে বলে বিশ্বাস স্কালোনির।

একাদশ:
এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনসো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার, লিওনেল মেসি (অধিনায়ক) এবং হুলিয়ান আলভারেস।


  বিষয়:   সময়ের আলো  আর্জেন্টিনা  বিশ্বকাপ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: