দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার পাঁচ বছর বয়সী মেয়েও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
নিহত মো. ইয়াছিন (৪০) নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা এবং মো. সুজায়েত উল্যার ছেলে।
নিহতের সেজো ভাই মো. নাসির জানান, ইয়াছিন প্রায় ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ছিল। তিনি স্থানীয় এক মুসলিম নারীকে বিয়ে করেন এবং তাদের দুটি কন্যাসন্তান রয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে নাসির জানান, মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পর বাড়ির গেটের সামনে আগে থেকেই ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ইয়াছিনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
তিনি আরও জানান, হামলাকারীরা ইয়াছিনের মাথায় একাধিক গুলি করে। ময়নাতদন্তে তার মাথা থেকে ১৪টি বুলেট উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রীর ইচ্ছা অনুযায়ী, ইয়াছিনকে দক্ষিণ আফ্রিকাতেই দাফন করা হবে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
সময়ের আলো/এসএকে