বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
এর আগে গত ৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান আদালতে ওমর ফারুক সুমনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মামলার বাদী ও ভুক্তভোগী মো. সোহেল রানা (৩৮)। এ সময় এজাহারভুক্ত কয়েকজন আসামি আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, হামলার সময় ছোড়া গুলিতে সোহেল রানা আহত হন। পরে হামলাকারীরা ছাত্র-জনতার ওপর বোমা নিক্ষেপ করলে বাদীসহ অনেকে গুরুতর আহত হন।
এ ঘটনায় ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক সংসদ সদস্য ওমর ফারুক সুমনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
সময়ের আলো/এসএকে