লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এক প্রবাসী যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহতের খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মোহাম্মদ শফিক (৪০) কমলনগর উপজেলার চর ফলকন মাতব্বর হাটের দক্ষিণ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার অদু বাতেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ১০ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন শফিক। বুধবার সৌদি আরবের একটি সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
শফিকের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারকে স্বচ্ছল করার চেষ্টা করেছিলেন শফিক। তার অকাল মৃত্যুতে শুধু পরিবারই নয়, পুরো এলাকাবাসী শোকাহত।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, প্রবাসী মোহাম্মদ শফিকের মৃত্যুর সংবাদ অত্যন্ত মর্মান্তিক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে। জেলা প্রশাসন সব ধরনের সহায়তার জন্য পরিবারের পাশে রয়েছে।
সময়ের আলো/আরবিএন